প্রস্তুতি ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে রুখে দিলো অনূর্ধ্ব ১৭ ত্রিপুরা দলের ফুটবলাররা। বৃহস্পতিবার সকালে ত্রিপুরার স্পোর্টস স্কুল মাঠে হয় প্রস্তুতি ম্যাচটি। শেষ হয় ৩-৩ গোলে। ভালো খেললেও দলের উইং নিয়ে দুশ্চিন্তায় কোচ মাখন লাল জমাতিয়া। ২-৬ নভেম্বর উত্তর প্রদেশের বালিয়াতে হবে অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল ছেলেদের ফুটবল প্রতিযোগিতা। ২ অক্টোবর থেকে শুরু হয়েছে রাজ্যদলের শিবির। প্রাথমিকভাবে ২০ জন ফুটবলারকে বাছাই করে চলছে চূড়ান্ত পর্যায়ের শিবির। প্রতিদিন দুবেলা করে চলছে অনুশীলন। শিবিরে থাকা ফুটবলারদের মধ্যে ইমানুয়েল দেববর্মা, রয়েল দেববর্মা এবং রোনাল গোল করে। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে সমীর জমাতিয়া, সোহেল দেববর্মা এবং বং লাল রিল হালাম গোল করে । খেলা শেষে কোচ মাখনলাল বলেন, “দুশ্চিন্তা শুধুমাত্র উইং নিয়ে। এই সমস্যার সমাধান হলে ছেলেরা আসরে খুব ভালো খেলবে”। ২৯ অক্টোবর রওনা হবে ত্রিপুরা দল। দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন আবু তাহের। ত্রিপুরা দলের শিবিরে থাকা ফুটবলাররা হলো: সালমা জমাতিয়া, চোখরেং দেববর্মা, রাহুল ত্রিপুরা, জেসে দেববর্মা, ইমানুল ত্রিপুরা, ডায়মন্ড হালাম, অভিসেন জমাতিয়া, নাইথক জমাতিয়া, গোবিন্দ চন্দ্র জমাতিয়া, সানি দেববর্মা, অংকুর দাস, রয়েল দেববর্মা, সাচলাং জমাতিয়া, এন্সিয়েল দেববর্মা, লাল রুয়াই টুলঙ্গা, জেনেসিস ডার্লং, মাইকেল লাল মনপুঁইয়া, নিউটন জমাতিয়া এবং রাহুল মুন্ডা।


