প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে বীরেন্দ্র ক্লাব। শেষ ম্যাচে সরোজ সংঘকে রুখে দিয়ে কিছুটা মনোবল বাড়িয়ে নিয়েছেন বীরেন্দ্র। এই অবস্থায় আজ ত্রিপুরা স্পোর্টস স্কুলের মুখোমুখি হবে ময়দানের ঐতিহ্যবাহী ওই ক্লাবটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। টানা হেরে মনোবল অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে আবু তাহেরের স্পোর্টস স্কুলের ফুটবলারদের। ওই অবস্থায় বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তারপরও স্পোর্টস স্কুলের কোচ গোটা দলকে তাতিয়ে রাখার চেষ্টা করে চলছেন। তিনি বলেন, একটি জয়ই গোটা দলের মনোবল বাড়িয়ে দিতে পারে। তিনি আশা করেন, আজ অন্যরূপে দেখা যাবে দলের ফুটবলদের। অপরদিকে বীরেন্দ্রর হারানোর কিছু নেই। ফলে অল আউট খেলে জয় পেতে তারা মাঠে নামবে।


