বক্সনগর প্লে সেন্টার আয়োজিত ঐতিহ্যবাহী এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আনন্দনগর ইলেভেন স্টার জয় পেলো। রবিবার দুপুরে বক্সনগর মিনি স্টেডিয়াম মাঠে আনন্দনগর ৪-০ গোলে সোনামুড়া আয়াত আলী ইলেভেন স্টারকে হারায়। জমজমাট খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আনন্দনগর ইলেভেন স্টার।অনেকটা একতরফা ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। আনন্দনগরের হয়ে প্রথম গোলটি করেন জোয়ালা। দ্বিতীয় গোলটি করেন বিবাং এবং তৃতীয় গোলটি করেন রিচার্ড। দ্বিতীয়ার্ধে চতুর্থ ও শেষ গোলটি করেন রুটমাওয়ে। দুই দলই মনিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড থেকে ফুটবলারদের দিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন। খেলা পরিচালনা করেন পল্লব চক্রবর্তী। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান বাদশা, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস, বক্সনগর ব্লক ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সহ অন্যান্যরা। দর্শকে পরিপূর্ণ বক্সনগর মিনি স্টেডিয়াম।এদিকে ১৫ সেপ্টেম্বর দুপুর ২টায় একই মাঠে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ধর্মনগর জে জে এফসি ইলেভেন স্টার ও মধ্য বক্সনগর এ জে ইলেভেন স্টার।


