জে সি লীগ ক্রিকেটে শুরুতেই বৃষ্টির থাবা। সন্দীপ সরকার ও তুষার সাহা-র স্পিনের ভেল্কিতে চাপে রইলো সংহতি ক্লাব। শুভম সূত্রধর লড়াই করে চলেছেন। না হলে প্রথম দিনেই গুটিয়ে যেত সংহতির প্রথম ইনিংস। দিনের শেষ বেলায় মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার খেলা সম্ভব হয়নি। নরসিংগড টিআইটি মাঠে প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে চাপে রয়েছে সংহতি। স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই বোলারদের আক্রমণের মুখে উইকেট হারিয়ে চাপে পড়ে সংহতি। একা লড়াই করেন ওপেনার শুভম। মিডল অর্ডারে রাহুল হোসেন কিছুটা সঙ্গ দেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে সংহতি ক্লাব ৫৫.৪ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৩০ রান করে। শুভম ১৫৯ বল-এ ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া রাহুল ৯৫ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। স্ফূলিঙ্গের সন্দীপ সরকার ৩২ রানে ৪টি এবং তুষার সাহা ৩০ রানে ৩টি উইকেট ভাগ করেন। স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে আজ সকালে দ্রুত সংহতি শেষ দুটি উইকেট তুলে নেওয়া। পরে প্রথম ইনিংসের লক্ষ্য টপকে যাওয়ার।


