পরপর দুই ম্যাচে হেরে একেবারে কোণঠাসা অবস্থায় রয়েছে অনূর্ধ্ব ১৯ ত্রিপুরার মেয়েদের শিবির। গ্রুপের শেষ ম্যাচে আজ নাগাল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচটি ত্রিপুরার কাছে মরণ বাঁচন লড়াই।
দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার ছাড়পত্র পেতে হলে আজ বড় ব্যবধানে নাগাল্যান্ড হারাতেই হবে। তারপরও তাকিয়ে থাকতে হবে মনিপুর বনাম সিকিম ম্যাচের দিকে। ওই ম্যাচে মনিপুর জয় পেলে ত্রিপুরার সামনে সুযোগ থাকবে দ্বিতীয় স্থান দখল করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিতে।
মঙ্গলবার অনুশীলন না হলেও ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ দেবব্রত চৌধুরী। বোঝানোর চেষ্টা করেন নাগাল্যান্ড ম্যাচের গুরুত্ব। সিকিম ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ ছিল ত্রিপুরা দলের দুর্বল ফিল্ডিং। আসরে প্রায় প্রতিটি ম্যাচেই দুর্বল ফিল্ডিং করে বিপক্ষকে সুবিধা করে দিচ্ছে মেয়েরা। সেভাবে প্রস্তুতি না নিতে পারার কারনে ফিটন্যাসের যথেষ্ট অভাব দেখা দিয়েছে। নাগাল্যান্ড ম্যাচ এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা বোঝানোর চেষ্টা করা হয় ক্রিকেটারদের। নাগাল্যান্ডের বিরুদ্ধে জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার কোচ। তিনি বলেন, বিশ্বাস করি ব্যর্থতা ভুলে মেয়েরা ঘুরে দাঁড়াবে এবং ত্রিপুরাকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।


