খোয়াইয়ে সঞ্জয় বড়ুয়া স্মৃতি সিনিয়র টি-২০ ক্রিকেটের ফাইনাল বুধবার। খেতাব দখলের লড়াইয়ে এভারগ্রীন ক্লাব খেলবে নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটির বিরুদ্ধে। এয়ারপোর্ট মাঠে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেয় নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটি। বি-গ্রুপে টানা দুই ম্যাচে জয়লাভ করে। নিজেদের শেষ ম্যাচে নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটি ৬ উইকেটে হারায় ব্লুমিং ক্লাবকে। টসে জিতে ব্লুমিং ক্লাব ৮৬ রান করে। পহর দেববর্মা ১০ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪, রাজেশ দেববর্মা ১২ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১২ এবং রিনেশ দেববর্মা ৩২ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। অতিরিক্ত পায় ২৭ রান। নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটির শুভজিৎ কুরি ১৮ রানে এবং কৃষ ঘোষ ২২ রানে তিনটি করে উইকেট ভাগ করেন। জবাবে নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটি চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। গৌরব দত্ত ২২ বল-এ চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, শুভজিৎ কুরি ২৪ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং অভিরাজ বিশ্বাস ১৩ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ১১ রান করেন।


