রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সেমিফাইনালে উঠল সদর ‘বি’। রবিবার আসরের কোয়ার্টার ফাইনালে সদর ‘বি’ ৭ উইকেটে হারায় কৈলাসহরকে। অঙ্কিত দাসের অলরাউন্ড পারফরমেন্স এবং শ্রেষ্ঠাংশু দেবের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় আসে। আমতলী স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে কৈলাসহর ১৩৭ রান করে। তুষার মালাকার ২৯ বল-এ ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, দেবার্ঘ্য দাস ৯০ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০, দেবরাজ চক্রবর্তী ৩০ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং পীযূষ দাস ৭ বল-এ ১টি বাউন্ডারির ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সদর ‘বি’-র তানিস্ক চক্রবর্তী ৩৯ রানে ৪টি, ঋদ্ধিমান দাস ১৬ রানে এবং অঙ্কিত দাস ৩৫ রানে ২টি করে উইকেট ভাগ করে। জবাবে সদর ‘বি’ ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ওপেনার শ্রেষ্ঠাংশু দেব ৫৩ বল-এ ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানে এবং অঙ্কিত দাস ২৮ বল-এ ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া যশ দেববর্মা ১৭ বল-এ ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। কৈলাসহরের তুষার মালাকার ৪৭ রানে ২টি উইকেট পায়।
সহজেই শেষ চারে গেলো সদর ‘এ’
সহজেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করল শক্তিশালী সদর ‘এ’। রবিবার কোয়ার্টার ফাইনালে সহজেই শান্তিরবাজারকে উইকেটে হারায় সদর ‘এ’। মোহনপুরের তালতলা স্কুল মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে দেবরাজ মজুমদার এবং আবির ভট্টাচার্যের বিধ্বংসী বোলিং-এর সামনে শান্তিরবাজার গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে। ওপেনার অর্পণ চক্রবর্তী ৭৭ বল-এ সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। সদরের দেবরাজ ১১ রানে পাঁচটি এবং আবির পাঁচ রানে তিনটি উইকেট ভাগ করে। জবাবে সদর ‘এ’ ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শুভ্রজিৎ সাহা ২৪ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৭, আরিশ মজুমদার ১৩ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৬ এবং নিলেশ সূত্রধর ৩২ বল-এ ১০ রান করে।
খোয়াই উঠলো সেমিফাইনালে
শুভজিৎ পালের অলরাউন্ড পারফরম্যান্সে খোয়াই উঠলো সেমিফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে সদর ‘এ’ দলের বিরুদ্ধে। রাজ্য স্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে নীপকো মাঠে খোয়াই ভিজেডি মেথডে ৫ রানে হারায় লংতরাইভ্যালিকে। টসে জিতে খোয়াই ২২৪ রান করে। শুভজিৎ শংকর পাল ৮০, শুভজিৎ সুজিত পাল ৪২, রাজদীপ দেবনাথ ২৬ এবং বিজয় দেব ২০ রান করে। লংতরাইভ্যালির নীরব চাকমা ৩৮ রানে ৩টি উইকেট পায়। এরপর বৃষ্টি নামলে লংতরাইভ্যালির সামনে লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১১৩ রান। লংতরাইভ্যালি ১০৭ রান করে। দীপাঞ্জন দাস ৩২, হিতেশ দাস ১৯ এবং মেগ দেববর্মা ১৭ রান করে। খোয়াই-এর শুভজিৎ সুজিত পাল ১৫ রানে ৩টি উইকেট পায়।
সদর ‘বি’ র মুখোমুখি হবে উদয়পুর
সেমিফাইনালে সদর ‘বি’-র মুখোমুখি হবে উদয়পুর। রবিবার উদয়পুর সহজেই হারায় তেলিয়ামুড়াকে। পুলিশ ট্রেনিং মাঠে হয় ম্যাচটি। টসে জিতে তেলিয়ামুড়া ১৫১ রান করে। অগ্নিক সরকার ৫৮ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮, ওম মোদক ৫৬ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং নিলয় দাস ৭১ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। উদয়পুরের সুরজিৎ দেবনাথ ৩৮ রানে ৩টি এবং শুভজিৎ বর্ধন ১৫ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে উদয়পুরের দুই ওপেনার শাহীন হোসেন পোদ্দার এবং শ্রীমন দেবনাথ শুরুটা দুর্দান্ত করে। ওই জুটি জয়ের ভিত গড়ে দেয়। ওপেনিং জুটিতে দুজন যোগ করে ১২২ রান। শ্রীমন ১০০ বল-এ ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৬ এবং শাহীন ১০৩ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উদয়পুর। অতিরিক্ত পায় ৪৩ রান।


