ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের আসরে স্পোর্টস স্কুল ২-০ গোলে জয় ছিনিয়ে নেয়। গোলের সংখ্যা আরও বাড়াতে পারতো স্কুলের ছেলেরা। পেনাল্টি সহ বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করে।
চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর উৎসাহ অনেকটাই হারিয়ে ফেলে বিবেকানন্দ। ফলে আসর যত এগিয়েছে তাদের খেলা ততই যেন উদ্দেশ্য হারিয়েছে। পাশাপশি খেপ খেলার প্রভাব ফুটবলারদের মধ্যে স্পষ্ট দেখা গেছে। ভুল পাস, অগোছালো ফুটবল তাদের খেলায় তালগোল পাকিয়ে ফেলে। অন্যদিকে, স্পোর্টস স্কুলের খেলায় খুব একটা ভালো হয় নি। বিশেষ করে শুরুর দিকে মাঝমাঠ খেলতেই পারে নি। পরে কিছুটা খেলা ধরে। এতে আক্রমণ বাড়ে এবং দু’গোল আসে। ৩৭ মিনিটে লিয়ামিনোয়াই ডার্লং ১-০ করে। বিরতির আগে এই গোলটি ধীরে রাখে। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে অনবদ্য পাঞ্চ ২-০ করে বিলাশ দেববর্মা। এই বিলাশই পরে পেনাল্টি নষ্ট করে। বিবেকানন্দ চেষ্টা করেও হার এড়াতে ব্যর্থ হয়।


