ভারতীয় ক্রিকেটে আবারো চোটের ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর পরিবর্ত হিসেবে ভারত ‘এ’ দলের সঙ্গে নিউ জ়িল্যান্ড সফরে যাওয়া আকিব নবিকে একদিনের দলে ডাকা হতে পারে। প্রসিদ্ধ রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। আগামী ১ নভেম্বর তাঁর সিমুলেশন পরীক্ষা হওয়ার কথা। প্রস্তুতি ম্যাচ খেলিয়ে দেখা হবে, পুরোপুরি ধকল নিতে পারছেন কিনা। ঠিক থাকলে ২ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিতে হবে প্রসিদ্ধকে। দুই পরীক্ষার ফল সন্তোষজনক হলে বোর্ডের চিকিৎসকেরা প্রসিদ্ধকে খেলার অনুমতি দেবেন। এই পরিস্থিতিতে এক দিনের সিরিজ়ের জন্য প্রসিদ্ধকে নিউজ়িল্যান্ডে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে সরাসরি টেস্ট সিরিজ় খেলতে যাবেন। কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে। যার কারণে একদিনের সিরিজ থেকে প্রসিদ্ধকে টেস্ট সিরিজে বেশি প্রয়োজন হবে বলে মনে করেন বোর্ড কর্তারা।


