জম্পুইজলায় অসিত স্মৃতি ফুটবলের উদ্বোধন হলো। উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পেলো ব্লাডমাউথ ক্লাব। দ্বিতীয় ম্যাচে জয় পায় ত্রিপুরা ক্রিকেট ও এথলেটিক ফুটবল টিম।
জম্পুইজলার সিন্থেটিক ফুটবল মাঠে আটটি দলেক নিয়ে এই আসরের উদ্বোধনী ম্যাচে আসরের আয়োজক ব্লাডমাউথ ক্লাব ৭-০ গোলে জয় পায়। হারায় ডন বস্কো দলকে। বিরতির আগে ব্লাড এগিয়ে ছিল ৪-০ গোলে। দলের পক্ষে পারভেজ ভূঁইয়ার হ্যাটট্রিক করেন। এছাড়া নওরেম গোবিন্দাস সিং দুটি এবং মেইরাবা মেইতি ও চাফামাইউম একটি করে গোল করেন।
পরে দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ক্রিকেট ও এথলেটিক ফুটবল টিম ১-০ গোলে হারায় দুলকামির লায়ন্স ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আব্দুল কালাম। রাজ্যের ক্রিকেটাররা এই ফুটবল দলটি গঠন করে বিভিন্ন জায়গায় খেলছেন। এদিন রঞ্জি দলনেতা মণিশংকর সহ বিক্রম, ভিকি, শ্যাম শাকিল, আব্দুল, সেন্টু ও একঝাঁক ক্রিকেটার ফুটবল খেলেছে। তারা জানিয়েছে তাদের সাথে ক্রিকেট সংস্থার কোন যোগাযোগ নেই। নিজেরাই বিভিন্ন জায়গায় ফিটন্যাসের জন্য তারা ফুটবল টুর্নামেন্ট খেলছে। এই টুর্নামেন্টের আগেও তারা আরও কয়েকটি জায়গায় খেলেছে। তবে আয়োজক ব্লাডমাউথ ক্লাব দলের নাম টিসিএ দিয়েছে। এতেই বিতর্ক দেখা দেয়। এদিন প্লেয়ার লিস্টে দলের নাম লেখা হয়েছে ত্রিপুরা ক্রিকেট ও এথলেটিক ফুটবল টিম। এনিয়ে বিতর্ক দেখা দেয়।
এদিকে, প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই। উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী, জম্পুইজলার বি ডিও ওবেদ লুঙ্গমুয়ানা ডার্লং এবং ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল।


