২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম ম্যাচে খেলবে ভারত। এর ঠিক ছয় দিন আগে জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ম্যাচে খেলবে শ্রেয়াস ব্রিগেড। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শুক্রবার এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় তোচিগী প্রিফ্যাকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। বোর্ড জানিয়েছে ভারত এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হবে। এই ম্যাচ সুজুকি কাপের অন্তর্গত। স্পোর্টস ৭৫ প্রকল্পের প্রথম ধাপ হিসেবে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি এবং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি সই হওয়ার পরেই এই প্রকল্প শুরু করা হয়। খেলাধুলায় ভারত এবং জাপানের মধ্যে মানব সম্পদ আদান-প্রদান এবং সহযোগিতা করা হবে এই প্রকল্পের সাহায্যে। ২০৩৬ এ ভারত অলিম্পিক এবং প্যারালিম্পিক্স আয়োজন করতে চায়। তাতেও সাহায্য করবে জাপান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিত শইকিয়া জানিয়েছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত ভারতীয় ক্রিকেট বোর্ড। জাপানে একটি বিশেষ টি-২০ ম্যাচ খেলবে ভারত। ক্রিকেটের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ভারত একটি নতুন দেশে খেলতে যাবে এবং জাপান ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রিকেট খেলাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি আরো বলেন ভারত এবং জাপানের মধ্যে শক্তিশালী এবং দীর্ঘ মেয়াদী সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেটের এই অংশটাকে সকলেই আনন্দের সঙ্গে উপভোগ করতে চায়। এই ম্যাচ আয়োজনের জন্য জাপান ক্রিকেট সংস্থাকে সাহায্য করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


