ভুল করলেন রেফারির, আর খেসারত দিলো বীরেন্দ্র ক্লাব! ঘটনা দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে বুধবার। ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে ৪-২ গোলে হেরে যায় বীরেন্দ্র। কিন্তু এই ম্যাচটিতে রেফারিদের ভুলের হিসাব কিভাবে হবে, এই প্রশ্ন উঠেছে। পাশাপাশি ম্যাচটির বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
নিয়ম অনুযায়ী ম্যাচের শুরুতেই দুই দলের খেলোয়াড়দের নাম, জার্সি পরীক্ষা করার কথা রেফারিদের। এম্যাচেও সেটা করেন সিনিয়র তিন রেফারি তাপস দেবনাথ, রক্তিম সাহা ও সত্যজিৎ দেবরায়! খেলাও শুরু হয়ে যায়। ঝামেলা শুরু হয় বীরেন্দ্র ৬ মিনিটে গোল করার পর। হরাং বুঙ্গা নামের ২৩ নম্বর জার্সির ফুটবলার গোল করলে দেখা যায় এই জার্সির কোন প্লেয়ার মাঠে নেই! বাধ্য হয়েই রেফারি খেলা বন্ধ করেন। দেখা যায় বুঙ্গার জার্সি হবে ২০ নম্বর! বাকিদের জার্সি মেলাতে ধরা পড়ে আরো একজন ভুল জার্সি। রবিউল হাসান ৩ নম্বরের জায়গায় প্লেয়ার লিস্ট রয়েছে ১৫ নম্বর! ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয়। ওই দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখান রেফারি। প্রশ্ন হলো কার ভুলে কার্ড দেখলেন রেফারি?
পরে গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে রেফারিরা খেলা শেষ করেন। স্পোর্টস স্কুল ৪-২ গোলে জয় পায়। রাফরু চাই মগ ৩০ মিনিটে স্পোর্টস স্কুলের পক্ষে ১-১ করে। বিরতির পর চার মিনিটের ব্যবধানে তিনটি গোল হয়। ম্যাচের ৪৬ মিনিটে বিলাস দেববর্মা স্পোর্টস স্কুলকে ২-১ গোলে এগিয়ে দিলে পরের মিনিটেই ২-২ করেন বীরেন্দ্র প্রীতম সরকার। ৪৯ মিনিটে রাফরু চাই ফের জাল নাড়িয়ে স্কুল দলকে ৩-২ গোলে এগিয়ে দেয়। আর ৭৫ মিনিটে বিলাস ফের গোল করলে স্পোর্টস স্কুল ৪-২ গোলে এগিয়ে যায়। ওই লিড ধরে রেখে স্কুল দলটি জয় ছিনিয়ে নেয়।
প্রশ্ন হলো রেফারির ভুলের মাশুল কেন দেবে বীরেন্দ্র ক্লাব? প্রথম গোলটি কি বৈধ বলে বিবেচিত হবে? গোলটি বৈধ হলে কেন হলুদ কার্ড দেখানো হলো প্লেয়ারকে? জার্সির সাথে প্লেয়ারের নাম ঠিক আছে কিনা সেটা দেখার দায়িত্ব কার? মাঠে তিনজন সিনিয়র রেফারি থাকার পরেও কেন এত বড় ভুল হবে? তাও একজন না, দুজন ফুটবলারের ভুল জার্সি!
গোটা ঘটনায় রেফারির বিরুদ্ধে ক্ষোভ জানায় বীরেন্দ্র ক্লাব। তাদের দাবি নিজেদের ভুল ঢাকতে রেফারি প্রথম গোলের পর স্পোর্টস স্কুলের দিকে ঝুঁকে গেছে। এই ঘটনায় লিগের বাকি ম্যাচ ও রাখাল শিল্ড দল নামানো হবে কিনা এনিয়েও কর্মকর্তারা আলোচনা করবেন বলে জানান। সব মিলিয়ে এই ঘটনা নিয়ে ময়দানে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জার্সি বদল! গোলের পর গোলমাল! রেফারির ভুলের শিকার বীরেন্দ্র ক্লাব!
Date:
Share post:


