দুটি লাল কার্ড ম্যাচের চিত্র বদলে দিল। বিশ্রী হারের মুখ দেখলো লালবাহাদুর ব্যায়ামাগার। জয়ের ধারায় ফিরল কল্যাণ সমিতি। এদিন ৪-১ গোলের বড় জয় পেলো শহর দক্ষিণের দলটি।
অনেকটা অপ্রত্যাশিত ভাবে আগের ম্যাচটা হেরেছিল কল্যাণ! তাই এম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প ছিল না। সেটাই করে দেখালো। তবে তাদের জয়ের পেছনে লালেদের সহযোগিতা ছিল। অমরপুরে শনিবার রাত ১০টা পর্যন্ত খেপ খেলেছে লালেদের ফুটবলাররা। সেটা ছিল এম এল এ কাপে। ফলে রাতে ফেরা হয় নি। রবিবার সকালে এসে গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো খেলা কঠিন ছিল। সেটাই হলো। তার উপর দুই অর্ধে দুই ফুটবলার ডবল বুকিং-এর কোপে পড়ে। ইঞ্জুরি সহ শেষ ২৫ মিনিট ৯ জনে খেলতে হয়েছে। ১০ জনে নেমেছিল ২৩ মিনিটে।
কল্যাণ বিরতির আগেই ৩-০ করে। এর দুটি ছিল মনীশ সিং-এর। অপরটি জিদান সিং-এর। আর বিরতির ওপারে চতুর্থ গোলটি ছিল গত বছর ব্লাড-এ খেলে যাওয়া আবদালের। লালেদের একমাত্র স্কোরার লালনুন জিরা সাইলো। ম্যাচে ৬৯ মিনিটে দ্বিতীয় লাল কার্ডের পর থেকেই উত্তেজনা দেখা দেয়। যা ম্যাচের শেষে বড় আকার ধারণ করে। শেষে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।


