ক্রীড়া প্রতিনিধি।। টানা পঞ্চম জয় ছিনিয়ে খেতাবের কাছাকাছি ত্রিবেণী সংঘ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগের লড়াইয়ে ত্রিবেণী ৪-০ গোলে হারিয়ে দেয় মৌচাক ক্লাবকে। হ্যাটট্রিক সহ চারটি গোলই করেন লালমিংগা জোয়ালা।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকের লড়াইয়ে এদিন শুরুটা বেশ দাপটের সাথে করেছিল মৌচাক। বেশ কয়েকটা গোলের সুযোগ পেলেও সেগুলি নষ্ট করে। মিনিট ২৫ তুলনায় চাপে ছিল ত্রিবেণী। এর পর পাল্টে যায় চিত্র। ২৮ মিনিটে মাঝমাঠে লুজ বল পেয়ে একক প্রচেষ্টায় এগিয়ে গিয়ে বক্সে ঢুকলে কৌতল জমাতিয়া ফেলে দেন লালমিংগাকে। পেনাল্টি পায় ত্রিবেণী। চমৎকার পাঞ্চে ১-০ করেন লালমিংগাই। এই গোলটির পর ধীরে ধীরে ম্যাচের চিত্র বদলে যায়। চাপ বাড়তে থাকে ত্রিবেণীর। ৪১ মিনিটে আক্রমনে উঠে আড়াআড়ি পাঞ্চে ২-০ করেন সেই লালমিংগা।
দুই গোলে পিছিয়ে থেকে বিরতির পর লড়াইয়ে সেভাবে ফিরে আসতে পারেনি মৌচাক। উল্টো সময়ের সাথে তাদের খেলা তালগোল পাকিয়ে যায়। আর এই সুযোগ দারুণ ভাবে ব্যবহার করে লালমিংগা। ম্যাচের ৫০ মিনিটে নিজের হ্যাটট্রিক সহ দলের স্কোর ৩-০ করে। এর ১০ মিনিট পর নিজের ও দলের গোল বাড়িয়ে ৪-০ করে ম্যাচের এই নায়ক। বাকি সময় আরও কয়েকটি আক্রমণ থেকে সুযোগ এলেও ব্যবধান আর বাড়ে নি। হেরে মৌচাক পয়েন্ট তালিকার নিচের সারিতে রইলো। ত্রিবেণী আর একটা ম্যাচ জিততে পারলে খেতাব নিশ্চিত করে নেবে।


