মঙ্গলবার ঘোষণা করা হবে রাখাল শিল্ড নকআউট ফুটবলের ক্রীড়াসূচি। তবে সূচি ঘোষণার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বড় ক্লাবগুলো। পিছিয়ে নেই গতবারের শিল্ডের রানার্স এবং প্রথম ডিভিশন লিগের চ্যাম্পিয়ন ব্লাডমাউথ ক্লাবও। ২০ জুলাই থেকে মণিপুরের কোচ দেবেন সিংয়ের তত্ত্বাবধানে শুরু হয় অনুশীলন। যদিও এখনো পুরো দল হাতে পাননি কোচ। আগামী কয়েক দিনের মধ্যে স্থানীয় ফুটবলারদের পাশাপাশি বহিঃরাজ্য থেকে আসা খেলোয়াড়রাও দলে যোগ দেবে বলে জানানো হয়েছে।
এদিকে, এক সাক্ষাৎকারে দলের ম্যানেজার দেব্যোজিত দে জানান, “গতবার অল্পের জন্য রাখাল শিল্ডের শিরোপা হাতছাড়া হয়েছিল। সেই আক্ষেপ ঘোচাতে এবার শক্তিশালী দল গঠন করা হয়েছে”। তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু রাখাল শিল্ড জয় নয়, পাশাপাশি প্রথম ডিভিশন লিগের চ্যাম্পিয়নশিপের খেতাবও ধরে রাখা। যাতে এবছর দ্বিমুকুট ঘরে আসে।”


