মেয়েদের রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটে প্রত্যাশিতভাবেই ফাইনালে উঠলো সদর। সোমবার সেমিফাইনালে সদর একতরফা খেলে ৯ উইকেটে হারায় উদয়পুরকে। বাইখোড়া স্কুল মাঠে এম্যাচে সদরের অন্বেষা দাস বল হাতে দাপট দেখান। কোচ নির্বাচিত হওয়ার পর সদরকে তৃতীয় ট্রফি এনে দিতে চলেছে দেবব্রত চৌধুরী। ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই সদরের বোলারদের আক্রমণের মুখে উইকেট হারাতে থাকে উদয়পুর। গোটা দল ৩১.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ৬৯ রানে। ওপেনার এঞ্জেল দাস ৮৩ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৬ এবং পূজা দাস ৩৭ বল-এ দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। অতিরিক্ত পায় ১২ রান। সদরের অম্বেষা দাস ৬ রানে চারটি, নিকিতা সরকার ১৪ রানে এবং অন্নপূর্ণা দাস ১৭ রানে ২টি করে ভাগ করেন। জবাবে সদরের দুই ওপেনার মৌচতি দেবনাথ এবং নিকিতা দেবনাথ শুরুটা ভালো করেন। ওপেনিং জুটিতে ৪৭ বল-এ দুজন যোগ করেন ৫৪ রান। নিকিতা ২১ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। শেষ পর্যন্ত ১০.১ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয়। মৌচৈতি ৩৬ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে এবং মৌটুসী দে ৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ৮ রানে অপরাজিত থেকে যান।
।


