প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো বিশালগড়। রাজ্যস্তরের মেয়েদের সিনিয়র ক্রিকেটে ১১৪ রানে হারায় শান্তিরবাজারকে। শনিবার জামজুরী মাঠে ব্যাট হাতে দাপট দেখান ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দলের নির্ভর যোগ্য ব্যাটসম্যান ইন্দ্ররাণী জমাতিয়া এবং অম্বিকা দেবনাথ। ব্যাট করার সুযোগ পেয়ে বিশালগড় ২০৪ রান করে। প্রাথমিক ব্যর্থতার পর দলকে টেনে তুলেন ইন্দ্ররাণী এবং অম্বিকা দেবনাথ। এই দুজনের হাত ধরেই বিশালগড় ২০৪ রান করে। ইন্দ্ররাণী ১১১ বল-এ ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৯ এবং অম্বিকা ১২২ বল-এ ৮টি বাউন্ডারির সাহায্যে ৭৩ রান করেন। অতিরিক্ত পায় ২৫ রান। শান্তিরবাজারের অর্পিতা দত্ত ১৮ রানে এবং অলিজা দেববর্মা ৩০ রানে ২টি করে উইকেট দখল করেন। জবাবে শান্তিরবাজার মাত্র ৯০ রান করতে সক্ষম হয়। অনন্যা দেবনাথ ৮৪ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং অঙ্কিতা পাটারি ৪১ বল-এ ১৬ রান করেন। অতিরিক্ত পায় ২১ রান। বিশালগড়ের পূজা দাস ১৫ রানে ৩টি, স্নেহা সরকার ১৪ রানে এবং পূর্বা চৌধুরী ১৭ রানে ২টি করে উইকেট ভাগ করেন।


