অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনালে ত্রিপুরার প্রতিপক্ষ মিজোরাম। ১৮ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। ওই ম্যাচের উপরেই নির্ধারণ হবে আগামী বছর কোন দল এলিট গ্রুপে খেলার ছাড়পত্র অর্জন করবে। গ্রুপ লিগে অপপ্রতিরোধ্য থেকে ফাইনালে খেলা ছাড়পত্র পেয়েছে শক্তিশালী ত্রিপুরা। ফাইনালেও অপরাজয়ের ধারা বজায় রাখতে মরিয়া ত্রিপুরার ক্রিকেটাররা। শুক্রবার অনুশীলন করার সুযোগ না পেলেও বিকেলে ঘন্টা দুয়েক জিমে কাটান ক্রিকেটাররা। আজ শেষ প্রস্তুতি সেরে নেবে। ত্রিপুরা দলের ম্যানেজার পার্থ গুপ্ত বলেন, “ছেলেরা প্রস্তুত সেরা ট্রফি গড়ে তুলতে। গ্রুপ লিগে যে খেলা ছেলেরা খেলেছে তা যদি বজায় থাকে অনায়াসেই এলিটে খেলার ছাড়পত্র অর্জন করব। ছেলেরা জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ”। ফাইনালে লড়াই হবে জমজমাট তা নিশ্চিন্তে বলা যায়। মিজোরাম চাইবে গ্রুপ লীগের পরাজয়ের বদলা নিতে।


