অমীমাংসিত ভাবে শেষ হলো ব্লাডমাউথ ক্লাব ও সংহতি ক্লাবের লড়াই। এম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো ব্লাড এবং জেসি লীগে তৃতীয় স্থান দখল করলো। ম্যাচটি অমীমাংসিত ভাবে শেষ হবে তার জানাই ছিল। আকর্ষন ছিল একটাই ওপেনার বিক্রম কুমার দাসের ব্যাটিং। বিক্রম দ্বিশত রান করেন। নরসিংগড় টিআইটি মাঠে সংহতির বোলারদের শাসন করলো বিক্রমের চওড়া ব্যাট। সংহতির ৩০১ রানের জবাবে ব্লাডমাউথ প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৪৩৮ রান করে সমাপ্তি ঘোষণা করে। দলের পক্ষে বিক্রম ২৬৯ বল-এ ২০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০৫ রানে অপরাজিত থেকে যান। এছাড়া শেষ দিকে মনিশঙ্কর মুড়া সিং ৫৫ বল-এ ৮টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০ রান করেন। সংহতির দীপাঞ্জন দাস ৫৯ রানে তিনটি এবং শুভম সূত্রধর ৩৯ রানে দুটি উইকেট ভাগ করেন। ১৩৭ রানে পিছিয়ে থেকে দিনের শেষ বল পর্যন্ত সংহতি ২৭ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৯৭ রান করে। রিমন সাহা ৫০ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৭ রানে এবং দীপাঞ্জন ভৌমিক ১৮ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দীপজয় দেব ৬০ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩০ এবং শুভম সূত্রধর ২৬ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। চারদলের আসরে চতুর্থ স্থান পেলো সংহতি।


