টানা ম্যাচ খেলার ক্লান্তির কারণেই কিনা, নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না স্পেন। শুরুতে গোলও হজম করল তারা। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে আবারও দলকে পথ দেখালেন মিকেল মেরিনো। তার জোড়া গোলে ক্রোয়েশিয়াকে আবার হারিয়ে দিল লুইস দে লা ফুয়েন্তের দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার অনেকটা সময় পিছিয়ে থাকার পর, ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালও নিশ্চিত হয়েছে তাদের। উয়েফা নেশন্স লিগে গত সপ্তাহে প্রথম লেগে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। এবার ভালো কিছুর সম্ভাবনা জাগালেও, শেষ পর্যন্ত পেরে উঠল না শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া ক্রোয়াটরা। চার ম্যাচ খেলে সবগুলোই জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে স্পেন। একই সময় শুরু আরেক ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারানো ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। চেকিয়ারা হেরেছে চার ম্যাচেই।


