অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটে প্লেট গ্রুপে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করতে চলেছে ত্রিপুরা। প্রথম প্রতিপক্ষ নাগাল্যান্ড। উড়িষ্যার রেবেনশা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে বুধবার প্রস্তুতি সেরে নেয় ক্রিকেটাররা। রেভেনশা’র হালকা ঘাস থাকা উইকেট ব্যাটিং সহায়ক এমনই মনে করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টসে জিতলে ব্যাট নেবে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ৬ জন ব্যাটসম্যান এবং পাঁচজন বোলার নিয়ে প্রথম একাদশ সাজাবে। গোড়াপত্তন করবেন শঙ্খনীল সেনগুপ্ত এবং নীল দেববর্মা। তবে শেষ সময়ে ইষ্টা দেবনাথ প্রথম একাদশে জায়গা পেতে পারেন। পেস বোলার হিসেবে একাদশে থাকবেন দীপ এবং আরিফ মিয়া। তৃতীয় জোরে বোলার হিসেবে থাকতে পারেন সোমদেব। স্পিনার হিসেবে থাকবেন রিয়াদ এবং রাহুল। দুপুরে অনুশীলন শেষে উড়িষ্যা থেকে টেলিফোনে ত্রিপুরার কোচ জয়ন্ত দেবনাথ বলেন, “নাগাল্যান্ড জয় করা নিয়ে আমরা আশেবাদী। ছেলেরা সুনাম অনুযায়ী খেলতে পারলে বড় ব্যবধানে জয় পাবো”।


