রঞ্জি ট্রফিতে ফের ভরাডুবি ত্রিপুরার! ৬২ রানে শেষ ইনিংস! দ্বিতীয় দিনেই লিড হারিয়ে ফলো অনে নেমে ইনিংসে হার বাঁচাতে ধুঁকছে গোটা শিবির! আরও ১২৯ রানে পিছিয়ে রাজ্যদল। হাতে ৫ উইকেট।
চারদিনের খেলায় গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় দিনে আজ ৬ উইকেটে ২২৮ রান থেকে খেলতে নেমে স্বাগতিক আসাম প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। রাজ্যদলের সন্দীপ সরকার ৭৬ রানে ৫টি ও দলনেতা মণিশংকর মুড়াসিং ৫৫ রানে ৩টি উইকেট ভাগ করেন। জবাবে রাজ্যদলের প্রথম ইনিংস মাত্র ৬২ রানে শেষ হয়ে যায়। মণিশংকর ১৭ ও সেন্টু সরকার ১১ ছাড়া আর দুই অংকের রান নেই! ২৭২ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। মণিশংকর ৫৯ ও সেন্টু সরকার ৪১ রানে লড়াই করে চলছে। তবে ম্যাচ বাঁচানো খুবই কঠিন।


