ধারহীন রাজ্যদলের বোলিংয়ের বিরুদ্ধে বড় স্কোর গড়ল সফরকারী হরিয়ানা। দিনের শেষ বেলায় উইকেট হারিয়ে চাপে ত্রিপুরা। ঘরের মাঠে অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটের চারদিনের লড়াইয়ে ১১ উইকেটের পতন হলো প্রথম দিনেই।
পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সোমবার প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় রয়েছে হরিয়ানা। এদিন সকালে ব্যাট করতে নেমে হরিয়ানা ৮২.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে বিশাল ৩৩৯ রান করে। দলকে বড় স্কোর এনে দিতে মুখ্য ভূমিকা নেন ওপেনার আর্শ রাঙ্গা। মরশুমের প্রথম ম্যাচে দুরন্ত শতরান করে নিজের জয় চেনান হরিয়ানার ওপেনারটি। ত্রিপুরার বোলারদের আক্রমণের মুখে আর্শ ঝড়ো গতিতে ব্যাট করেন। মাত্র ১১১ বল-এ পাঁচটি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি সাহায্যে ১০০ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। এছাড়া দীনেশ বানা ১৩৬ বল-এ দশটি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি সাহায্যে ১২২ রান করেন। কৃষ্ণ ৮১ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৫, মকস ৪৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং আসিস ২৬ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ১৯ রান করেন। ত্রিপুরার অভিক পাল ১৭ রানে, পাউরুস মিশ্রা ৯৩ রানে তিনটি করে এবং দীপ্তনু চক্রবর্তী ৮৫ রানে দুটি উইকেট ভাগ করেন। জবাবে শেষ বেলায় খেলতে নেমে ত্রিপুরা দুই ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ১১ রান করে। তন্ময় দাস অপরাজিত রয়েছেন। ত্রিপুরা পিছিয়ে রয়েছে ৩২৮ রানে।


