ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে লড়াইয়ে শনিবার সরোজ সংঘ খেলবে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু লড়াই। আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে সরোজ সংঘ। অপরদিকে প্রথম চার ম্যাচে পয়েন্ট ভাগ করার পর বৃহস্পতিবার নবোদয় সংঘের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ত্রিপুরা পুলিশ। এম্যাচটি তাই উপভোগ্য হওয়ার কথা। এদিকে, বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচ খেলে অপরাজিত থাকা ত্রিবেণী সংঘ। তাদের প্রতিপক্ষ ছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। কিন্তু স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠা দিবসের ফলে তাদের আবেদন সারা দিয়ে টিএফএ এই ম্যাচটি পিছিয়ে দেয়। ১২ আগষ্ট হবে এই দুই দলের খেলাটি।


