সেমিফাইনালে বিশালগড়ের বিরুদ্ধে খেলবে তেলিয়ামুড়া। সোমবার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে হবে ম্যাচটি। সিনিয়র মেয়েদের রাজ্যস্টরের ক্রিকেটে শনিবার আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ভিজেডি মেথডে তেলিয়ামুড়া ৭ রানে হারায় খোয়াইকে। এদিন বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে নজর কেড়ে নেন বিজয়ী দলের সেবিকা দাস। প্রথমে ব্যাট হাতে শতরান করার পর বল হাতে তিন উইকেট তুলে নেন। টসে জিতে তেলিয়ামুড়া ২২১ রান করে। ছয় নম্বরে ব্যাট করতে নামা সেবিকা শুরু থেকেই ছিলেন মারমুখী মেজাজে। মাত্র ৪৮ বল-এ সাতটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৬ রানের ইনিংস উপহার দেন। এছাড়া প্রিয়াংকা দাস ৪৬ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং বর্ষা দাস ৭৩ বল-এ দুটি বাউন্ডারি সাহায্যে ২৩ রান করেন। অতিরিক্ত পায় ২৭ রান। খোয়াই-এর প্রিয়া সূত্রধর ৩০ রানে তিনটি এবং অনামিকা দাস ৩৩ রানে দুটি উইকেট ভাগ করেন। এর পরই বৃষ্টি শুরু হলে খোয়াই সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪ ওভারে ১৯৬ রান। এই রান তাড়া করতে নেমে খোয়াই ১৮৮ রান করতে সক্ষম হয়। অদিতি দাস ৭৩ বল-এ ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫২, অনামিকা দাস ৭৯ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৫২ এবং প্রিয়া সূত্রধর ৫২ বল-এ চারটি বাউন্ডারি সাহায্যে ৪০ রান করেন। অতিরিক্ত পায় ২০ রান। তেলিয়ামুড়ার সেবিকা দাস ৩১ রানে তিনটি এবং মামিতা দেব ৩১ রানে দুটি উইকেট ভাগ করেন।


