একেবারে তীরে এসে ডুবলো মেলাঘর স্কুলের তরী। আন্ত: স্কুল ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে হারলো মাত্র চার রানে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে মঙ্গলবার টসে জিতে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করে। মিনহাজ আহমেদ ৩১ বল-এ খেলে ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, প্রান্তিক চক্রবর্তী ২২ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং আকিব রশিদ ১৩ বল-এ ৩টি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করে। মেলাঘর স্কুলের সৌরভ সাহা ১১ রানের ২টি উইকেট পায়। জবাবে মেলাঘর স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। সাগর দাস ৪৪ বল-এ ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ এবং শুভ প্রতীক দাস ৩৩ বল-এ ৩টি বাউন্ডারি সাহায্যে ২৩ রান করে। অতিরিক্ত পায় ১৬ রান। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের মিনহাজ আহমেদ ১৮ রানে ৩টি উইকেট পায়।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি স্কুল ৪ উইকেটে হারায় মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলকে। টসে জিতে মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল ১৩১ রান করে। কিংশুক দাস ৫৫ এবং কুলদীপ সরকার ৫১ রান করে। জবাবে অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি স্কুল ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ঈশান দাস ২২, অঙ্কুগ দাস ২০ এবং সত্যদীপ দাস ২১ রান করে।


