প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিল স্ফুলিঙ্গ ক্লাব। ৪ উইকেটে হারালো সংহতি ক্লাবকে। জেসি লিগ ক্রিকেটে নরসিংগড়ের টিআইটি মাঠে ম্যাচে দ্বিতীয় দিনের শেষে সরাসরি জয়ের লক্ষ্যে এগিয়ে ছিল স্ফুলিঙ্গ। শেষ দিনে সংহতি প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। দ্বিতীয় দিনের বিনা উইকেটে নয় রান নিয়ে খেলতে নেমে এদিন ২৭.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় স্ফুলিঙ্গ। পল্লব দাস ৩০ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ২৪, কৌশল আচার্য ২৫ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, শচীন শর্মা ১৩ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং দেবাংশু দত্ত ৩৯ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। সংহতির দীপাঞ্জন দাস ২৫ রানে তিনটি এবং করণ দে ১৩ রানে দুটি উইকেট ভাগ করেন। প্রসঙ্গত সংহতির ১৭০ রানের জবাবে স্ফুলিঙ্গ প্রথম ইনিংসে ১২৯ রানে গুটিয়ে লিড হাতছাড়া করেছিল। ৪১ রানে এগিয়ে থেকে সংহতি দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ রান করতে সক্ষম হয়েছে। বিজয়ী দলের তুষার সাহা দুই ইনিংসে ৮টি উইকেট তুলে নেন।


