রাজ্য হকি সংস্থার সেই চিরাচরিত রোগ! রাজ্য দলে বাইরের খেলোয়াড়! আর এই দুর্নীতি সামনে আসতেই শোকজ করা হলো হকি ত্রিপুরা সংস্থার সচিব দেবাশীষ ভৌমিককে। ত্রিপুরা দলে কেন ভিন রাজ্যের খেলোয়াড় রাখা হলো এ নিয়ে এর জবাব চেয়েছে ত্রিপুরা অলিম্পিক সংস্থা। ৭২ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। জবাব না পেলে নেওয়া হবে শাস্তি মূলক ব্যবস্থা।
মঙ্গলবার থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে শুরু হয়েছে ১৬তম জাতীয় জুনিয়র হকি প্রতিযোগিতা। এদিন তেলেঙ্গানার বিরুদ্ধে ত্রিপুরার ছিল প্রথম ম্যাচ। ঐ ম্যাচে ত্রিপুরা দলের হয়ে খেলেছেন ভিন রাজ্যের ৩ জন। খবর ছড়িয়ে পড়তে এই দিন দুপুরে অলিম্পিক এসোসিয়েশনের কার্যকরী কমিটির কর্তারা জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সংস্থার সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। অভিযোগ, সংস্থার এক যুগ্ম সচিব অতীতেও এভাবে বহু আসরে টাকার বিনিময়ে বাইরের প্লেয়ার খেলিয়েছে। শুধু তাই না, এক অটো চালককে কোচ বানিয়ে স্থানীয় জুনিয়র ও সব জুনিয়র দলের রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এমনকি হকির বিভিন্ন জাতীয় ও জোনাল আসরের প্রাইজমানির টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে বলে অভিযোগ। সব মিলিয়ে গত দুই বছর ধরে হকি সংস্থার ওই যুগ্ম সচিবের নেতৃত্বে ঘোটাল চলছে। এবিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া জরুরি বলে জানিয়েছেন হকি প্রেমীরা।


