অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেটে সোনামুড়া মহকুমার সেরা হলো খাসচৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার। রবিবার উত্তেজনাপূর্ণ ফাইনালে স্পোর্টিং এসোসিয়েশন মাঠে খাসচৌমুহনী ৩ উইকেটে হারায় মেলাঘর কোচিং সেন্টারকে। ব্যাট করতে নেমে মেলাঘর কোচিং সেন্টার মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়েছে। প্রীতম দেবনাথ ৩৩ বল-এ ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, শতদ্রু সরকার ৪১ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ১৬, মোহাম্মদ মহসিন ২৫ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। অতিরিক্ত পায় ১৭ রান। খাসচৌমুহনীর নয়ন দেবনাথ ১৭ রানে, অরিজিৎ দাস ১৮ রানে ৩টি করে এবং আরমান মৈষণ ১৮ রানে ২টি উইকেট ভাগ করে। জবাবে খাসচৌমুহনী ৩০.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আরমান মাইশন ৫১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৯, নয়ন দেবনাথ ১৮ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং তন্ময় দেবনাথ ৩৫ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ১৯ রান। মেলাঘর কোচিং সেন্টারের সৌগত মিত্র ২২ রানে ৩টি উইকেট পায়।


