২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে নেমেছে ভারত ও কাতার সহ মোট সাতটি দেশ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে, এই তালিকায় আরও রয়েছে দক্ষিণ আফ্রিকা, জার্মানি, হাঙ্গেরি, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া।
আগ্রহী দেশগুলোর জন্য প্রাথমিক ইচ্ছা প্রকাশের সর্বশেষ সময়সীমা এবছরের ৩১ অক্টোবর পর্যন্ত রয়েছ। আগামী বছরের
মার্চে আইওসি’র কার্যনির্বাহী বোর্ড সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে এবং দলগুলোর সাথে আলোচনা শুরু করবে।
২০২৮-এ আইওসি তাদের পছন্দের তালিকায় থাকা শীর্ষ আয়োজকদের নাম ঘোষণা করবে। আর ২০২৯ সালে চূড়ান্ত ভোটাভুটি শেষে ২০৩৬ অলিম্পিকের আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ভারত এই প্রথম অলিম্পিক আয়োজনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদ শহরকে কেন্দ্র করে এই অলিম্পিকের পরিকল্পনা করা হচ্ছে। অলিম্পিকের মূল মহড়া হিসেবে আহমেদাবাদ ২০৩০ সালের কমনওয়েলথ গেমসেরও আয়োজন করবে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি এই শহরেই অবস্থিত।
এদিকে, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০০৬ এশিয়ান গেমসের সফল আয়োজক কাতার মধ্যপ্রাচ্যে অলিম্পিক নিয়ে যেতে চায়। তবে মরুভূমির তীব্র গরমের কারণে খেলা জুলাই-আগস্টের পরিবর্তে বছরের শেষের দিকে সরিয়ে নিতে হতে পারে।
অন্যান্য প্রতিযোগীদের মধ্যে জার্মানি তাদের প্রার্থী শহর হিসেবে মিউনিখ-কে বেছে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ২০১০ ফুটবল বিশ্বকাপ আয়োজন করলেও কখনো অলিম্পিক আয়োজন করেনি। তুরস্ক এর আগে ২০২০ সালের অলিম্পিক আয়োজনের লড়াইয়ে টোকিওর কাছে দ্বিতীয় হয়েছিল, এবার তারা আরও শক্তিশালী প্রস্তুতি নিয়ে নামছে।
আইওসি সভাপতি কির্স্টি কভেন্ট্রি এক বিবৃতিতে জানিয়েছেন, অর্থায়ন, রাজনৈতিক পরিস্থিতি এবং জনসমর্থনের মতো বিষয়গুলোর ওপর ভিত্তি করে আয়োজক দেশ নির্বাচন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে “অ্যাথলেটদের সেরা অভিজ্ঞতা” দেওয়াকেই মূল অগ্রাধিকার দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৮ সালের অলিম্পিক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ সালের অলিম্পিক অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।


