আত্মবিশ্বাসী নবোদয় সংঘের মুখোমুখি হবে বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়ে নবোদয় খেতাবের লড়াইয়ে ভালো জায়গায় রয়েছে। অপরদিকে সম সংখ্যক ম্যাচ খেলে চারটি ম্যাচে পয়েন্ট ভাগ করেছে ত্রিপুরা পুলিশ। আজ বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে ম্যাচটি। শক্তির বিচারে পুলিশ থেকে এগিয়ে মাঠে নামবে বাদল রিয়াং-এর ছেলেরা। অপরদিকে কানাই যাদবের ছেলেরা চাইছে মরশুমের প্রথম জয় পেতে। এদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর নবোদয় সংঘের ফুটবলাররা। বুধবার নবোদয়ের কোচ বলেন, জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। ছেলেরা প্রতি ম্যাচে প্রমাণ করছে যে ওরা পিছিয়ে নেই। পুলিশ যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হলেও আমরা নিশ্চিন্ত ৩ পয়েন্ট পাওয়া নিয়ে। আশা করি হতাশ করবে না ছেলেরা। এদিকে প্রায় প্রতি ম্যাচে অনেকটা ভালো খেলা সত্ত্বেও পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হচ্ছে পুলিশ দলকে। নবোদয়-এর বিরুদ্ধে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য ফুটবলারদের।


