মাদ্রিদ দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে আর্থিক সহায়তা কলেন লিওনেল মেসি। কৃতজ্ঞতা প্রকাশ করে কমিউনিটি অফ মাদ্রিদের সভাপতি ইসাবেল দিয়াস আয়ুসো জানান, লিওনেল মেসিকে স্বাগত জানাতে মুখিয়ে আছে মাদ্রিদের জনগণ। মাদ্রিদ শহরের বাইরে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পুনর্গঠনে সহায়তার জন্য অর্থ দান করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। কমিউনিটি অফ মাদ্রিদের সভাপতি জানান, এই কাজের জন্য ৮০ হাজার ইউরো (প্রায় ৯২ হাজার ডলার বা সাড়ে ৬৮ হাজার পাউন্ড) দিয়েছেন বার্সেলোনার কিংবদন্তি। সামাজিক মাধ্যমে আয়ুসো লিখেছেন, “আমি তাকে ধন্যবাদ জানাতে চাই এবং বলতে চাই যে, মাদ্রিদের জনগণ তাকে শিগগিরই স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান জানাতে মুখিয়ে আছে।” স্প্যানিশ রাজধানীর পশ্চিমের অঞ্চলটি আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জমি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। মেসি বরাবরই তার জনহিতকর কাজের জন্য পরিচিত এবং স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া কর্মসূচির মাধ্যমে শিশু ও তরুণদের সহায়তা করার জন্য ২০০৭ সালে লিও মেসি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তিনি।


