দুদিনের রাজ্য সফর শেষে রাজ্যের সোনার মেয়ে অস্মিতা দে বৃহস্পতিবার দুপুরে ভূপালে ফিরে গেলেন। দুই জায়গাতেই অস্মিতা খুদে খেলোয়াড় ও স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করেন।
বিলোনিয়া থেকে উদয়পুরে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিয়ে অস্মিতা ও তার মা, সাথে কোচ সোলাঙ্কি, বীণা ও প্রণব সকলেই বাধারঘাটের জুডো হল-এ আসেন। সেখানে ক্রীড়া অধিকর্তা এল. ডার্লং সহ দপ্তরের আধিকারিকরা সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফের সংবর্ধনা দেন। পরে খুদে খেলোয়াড়দের সাথে মিলিত হয়ে অস্মিতা তাদের উৎসাহিত করেন। অস্মিতা বলেন, ‘আমি এখানে খেলাধুলা করে আজ সাফল্য পেয়েছি। তোমরাও যদি একাগ্রতা নিয়ে মন দিয়ে অনুশীলন করো, তাহলে একদিন অনেক সাফল্য পাবে’। অস্মিতা আরো বলেন, ‘যখন আমি স্পোর্টস স্কুলের ছিলাম, আমি মোবাইল ফোন ব্যবহার করতে পারি নি। কোচদের কথা মেনে চলেছি। তাই আজকে সফল হতে পেরেছি। তোমরাও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে চলো, তবেই সফল হবে’।
পরে ইন্ডোর হল-এ ফটো সেশন হয়। কোচ সোলাঙ্কিও খুদে খেলোয়াড়দের সাথে কথা বলেন। তিনি ত্রিপুরা জুডো সংস্থার কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন। ছিলেন কোচ মানিক লাল দেব।
সেখান থেকে অল্প সময়ের জন্য অস্মিতা যান স্পোর্টস স্কুলের। সেখানেও পড়ুয়াদের উৎসাহিত করেন। স্কুলেও অস্মিতা সহ সকলকে সংবর্ধনা দেয়া হয়। সোনার মেয়েকে কাছে পেয়ে সেল্ফি তোলে পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সেখান থেকে সোজা বিমান বন্দরে যায় গাড়ি।


