জাতীয় দল ও ক্লাবের হয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি! আবার মেসির পেনাল্টি মিস, হারল মায়ামি! বাবার মৃত্যুর পর প্রথমবার শুরুর একাদশে খেলেন তিনি। স্পট কিকে লিওনেল মেসির সমস্যা যেন কাটছেই না। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে টানা তিনটি পেনাল্টি মিস করলেন তিনি। অধিনায়কের ব্যর্থতার দিনে মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে মায়ামি। ২৩ মিনিটে স্পক কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ডান দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন ন্যাশভিল গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠান সের্হিও রেগিলন। তবে তিনি আগেই বক্সে ঢুকে পড়ায় রিভিউয়ে গোল দেননি রেফারি। তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর প্রথমবার টানা তিনটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন মেসি। গত মাসে শেষ হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া ও শেষ ষোলোয় মিশরের বিপক্ষে স্পট কিকে ব্যর্থ হন আর্জেন্টিনা অধিনায়ক। আর মেজর লিগ সকারে গত সেপ্টেম্বরের পর প্রথমবার পেনাল্টিতে ব্যর্থ হলেন মেসি। বলা যায়, দিনটি তার ছিলই না। যোগ করা সময়ে দুই পোস্টে লেগে ব্যর্থ হয় তার একটি চেষ্টা। পরে যখন জালের দেখা পান, সেটা বাতিল হয় অফসাইডের জন্য। কদিন আগে টানা দুই ম্যাচে হেরে লিগ কাপ থেকে বিদায় নেয় মায়ামি। এবার তারা হারল মেজর সকার লিগে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন কোচ গিয়ের্মো ওশো। “এই ধরনের হার আমাদের থামাতে পারবে না, আমরা এগিয়ে যাব। আমরা একদিন বিশ্রাম নেব, ফের নিজেদের লক্ষ্যে কাজ শুরু করব। একটা হারে আপনি লক্ষ্য থেকে সরে যাবেন না, বরং এর বিপরীতটাই করবেন। আমরা আরও উঁচু লক্ষ্য ঠিক করব, এগিয়ে যাব এবং স্কোয়াডের উন্নতি করে যাব।” বাবার মৃত্যুর পর এই প্রথম কোনো ম্যাচে শুরুর একাদশে খেলেন ৩৯ বছর বয়সী মেসি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দুই নম্বরে আছে মায়ামি। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।


