আন্ত: স্কুল ক্রিকেটে সোনামুড়া মহকুমার সেরা হলো মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুল। মঙ্গলবার আসরের ফাইনালে মেলাঘর ইংলিশ মিডিয়াম ৫৮ রানে হারায় সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। বিজয়ী দলের প্রীতম দেবনাথ ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে। এছাড়া কুলদীপ সরকার অর্ধশতরান করে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে বৃষ্টির জন্য জল জমে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে না হয় ১৫-তে। টসে জিতে মেলাঘরে ইংলিশ মিডিয়াম নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। কুলদীপ সরকার ২৭ বল-এ তিনটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, প্রীতম দেবনাথ ২৭ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, মোহাম্মদ আরফান উদ্দিন ১১ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মায়ানশান পাল চার বল-এ একটি বাউন্ডারিও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুলের কৃষ নাহা ২৯ রানে দুটি উইকেট পায়। জবাবে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৯৯ রান করতে সক্ষম হয়। মিনহাজ আহমেদ ২১ বল-এ একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, কৃষ নাহা ২৫ বল-এ দুটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ আকিব রশিদ ১১ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রীতম দেবনাথ ১৫ রানে তিনটি উইকেট পায়।


