প্রত্যাশিতভাবে ড্র হলো দুদিনের লড়াই। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো ওল্ড প্লে সেন্টার (ওপিসি)। কসমোপলিটন ক্লাব পেলো ১ পয়েন্ট। খেতাব জয় করতে হলে শেষ ম্যাচে চলমান সংঘকে হারাতেই হবে। প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরের খেলায় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ও ওপিসি-র ১৭৫ রানের জবাবে কসমোপলিটন ১৬০ রান করেছিল। ১৫ রানে এগিয়ে থেকে দিনের শেষ বল পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৭১ রান করে ওপিসি। রাহুল চন্দ্র সাহা শতরান করেন। প্রথম দিনের ৭ উইকেটে ৯৭ রান নিয়ে খেলতে নেমে রবিবার আরও ৬৩ রান যোগ করার ফাঁকে শেষ তিনটি উইকেট হারায় কসমোপলিটন। রিয়াজ উদ্দিন ৮০ বল-এ ৩টি বাউন্ডারির সাহায্যে ৩৫, অমরেশ দাস ৫৮ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অর্কজিৎ রায় ৪৮ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। অতিরিক্ত পায় ২১ রান। ওপিসি-র পাউরুশ মিশ্র ৪৮ রানে ৫টি, রোহন বিশ্বাস ৪৫ রানে ৩টি এবং অপূর্ব বিশ্বাস ২১ রানে ২টি উইকেট ভাগ করেন। ১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপিসি ৩ উইকেট হারিয়ে ১৭১ রান করার পর দুদলের অধিনায়কের সম্মতিতে ম্যাচ শেষ হয়। রাহুল চন্দ্র সাহা অনবদ্য ব্যাটিং করেন। ১০৪ বল-এ ১৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দীপায়ন দেববর্মা ৩৪ বল-এ ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং নবারুণ চক্রবর্তী ৪৯ বল-এ ১টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। কসমোপলিটনের অর্কজিৎ রায় ৭৩ রানে ৩টি উইকেট পান।


