ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে শেষ ম্যাচে রানে ফিরলেন সংহতির ব্যাটসম্যান-রা। জেসি লিগ ক্রিকেটের লড়াইয়ে নরসিংগড় টিআইটি মাঠে প্রথম দিনের শেষে সংহতি ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। টসে জিতে ব্যাট করতে নেমে ব্লাড মাউথের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন সংহতির দুই ওপেনার শুভম সূত্রধর এবং দ্বীপজয় দেব। ওপেনিং জুটিতে ৭১ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেন। দ্বীপজয় ৮৪ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে আউট হওয়ার পর শুভমের সঙ্গে রুখে দাঁড়ান তন্ময় ঘোষ। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায ব্যাট করে এগিয়ে নিয়ে যান দলকে। দ্বিতীয় উইকেটে দুজন যোগ করেন ১১৯ রান। শুভম ১৫০ বল-এ ১০টি বাউন্ডারির সাহায্যে ৮১ এবং তন্ময় ৯০ বল-এ ১১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১ রান করেন। এরপর রিমন সাহা এবং দীপাঞ্জন ভৌমিক সাময়িক প্রতিরোধ গড়ে তুলেন। দীপাঞ্জন ৫৫ বল-এ ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে সংহতি ৮২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান করে। রিমন ৮২ বল-এ ২টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানে অপরাজিত থেকে যান। ব্লাডমাউথের দীপ্তনু চক্রবর্তী ৬৪ রানে ৩টি এবং অমিত আলি ৭১ রানে ২টি উইকেট ভাগ করেন।


