প্রত্যাশিত জয় পেলো ওল্ড প্লে সেন্টার (ওপিসি)। প্রথম ডিভিশন ক্রিকেটের সুপার ফোরের লড়াইয়ে ইনিংস ও ৪৮ রানে হারালো দুর্বল ইউনাইটেড বিএসটিকে। শহীদ কাজল ময়দানে প্রথম দিনের শেষেই জয় নিশ্চিত হয়ে গিয়েছিল ওপিসি-র। দ্বিতীয় তথা শেষ দিনে বিএসটি-র ১৩১ রানের জবাবে ওপিসি প্রথম ইনিংসে ২৯৬ রান করেছিল। ১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিএসটি ১১৭ রান করতে সক্ষম হয়। কৃতিদীপ্ত দাস ৫৫ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, সৌরভ দাস ২৭ বল-এ তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং বিকাশ মজুমদার ৪৪ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। ওপিসির পাউরুশ মিশ্র ৩১ রানে পাঁচটি উইকেট পান।


