ধর্মনগরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে রাজদীপের পর সৌভিক দাস নজর কেড়ে নিল। বল হাতে তুলে নিলো ৭ উইকেট! মহকুমার দুই কোচ দীপ শর্মা এবং সঞ্জয় শর্মা-র ছাত্র সৌভিক। এদিন তার বোলিংয়ে সহজ জয় পায় জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার। ১০ উইকেটে হারায় দুর্বল রাধাপুর প্লে সেন্টারকে। কলেজ স্টেডিয়ামে টসে জিতে রাধাপুর প্লে সেন্টার মাত্র ২০ রান করে। অতিরিক্ত সর্বাধিক পায় ১৪ রান। জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের সৌভিক ৯ রানে ৭টি উইকেট দখল পায়। জবাবে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার ১৬ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সৌভিক ৯ রানে অপরাজিত থেকে যায়।


