প্রাধান্য নিয়ে খেলেও জয় পেল না ত্রিপুরা। আক্রমণ ভাগের ফুটবলারদের চূড়ান্ত ব্যর্থতায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়লো। এর সাথে অনূর্ধ্ব ১৭ মেয়েদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিলো। সিকিমের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করায় গ্রুপে তৃতীয় স্থান পেল ত্রিপুরা। মোট পাঁচ পয়েন্ট পায় চার ম্যাচ খেলে। এক ম্যাচ কম খেলে গ্রুপের শীর্ষে সাই নয় পয়েন্ট নিয়ে। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তরাখণ্ড। ছত্তিশগড়ের নারায়ণপুরে সাই-এর কাছে তৃতীয় ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করেছিল রাজ্যদল। বুধবার রামকৃষ্ণ মিশন মাঠে শুরু থেকেই সিকিমকে চেপে ধরেছিল ত্রিপুরা। কিন্তু গোলশূন্যভাবে শেষ করে। রাজ্য দলের আক্রম ভাগের ফুটবলার বিজিয়া দেববর্মা একাই বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। খেলার শেষে ত্রিপুরা দলের ম্যানেজার পূর্ণিমা দাস টেলিফোনে বলেন, “সাই-এর বিরুদ্ধে হেরে মানসিকভাবে ভেঙ্গে পড়ে মেয়েরা। যার খেসারত দিতে হয়েছে এদিনের ম্যাচে”।


