ফিফার সামাজিক মাধ্যম নিরাপত্তা বিভাগের তদন্তে বিষয়টি সামনে এসেছে। ২০২৬ বিশ্বকাপে সামাজিক মাধ্যমে ক্ষতিকর পোস্ট বেড়েছে বহুগুণ। কাতার বিশ্বকাপের তুলনায়, এবারের আসর ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর পোস্ট ও কমেন্ট বেড়েছে ১৪ গুণ! ফিফার সামাজিক মাধ্যম নিরাপত্তা বিভাগের তদন্তে বিষয়টি সামনে এসেছে। এবার ৭০ লাখের বেশি এমন বার্তা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সরানো হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে আপত্তিকর পোস্ট ও মন্তব্যের সংখ্যাটা ছিল কেবল চার লাখ ৭০ হাজার।
এছাড়া, অপমানজনক ও হুমকিস্বরূপ পোস্ট ও মন্তব্য করা হয়েছে দুই লাখবার, ২০২২ এর কাতার আসরে যেটা ছিল ১৯ হাজার ৬০০। এসবের মধ্যে ১৫ হাজারের বেশি পোস্টের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং এক হাজারের বেশি খুব বাজে পোস্টের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই সামাজিক মাধ্যম নিরাপত্তা বিভাগের (এসএমপিএস) ওপর ফিফার সব টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, কোচ, খেলোয়াড় ও সকল অফিসিয়ালদের ডিজিটাল সুরক্ষা দেওয়ার দায়িত্ব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ৪৮ দলের অংশগ্রহণে চলতি বিশ্বকাপে মোট পাঁচ কোটি ৩০ লাখ পোস্ট ও মন্তব্য পর্যবেক্ষণ করেছে। আর ব্যক্তিকে লক্ষ্য করে করা পাঁচ লাখ ৩০ হাজার মন্তব্য শনাক্ত করেছে এআই এবং সেগুলো যাচাই করেছে এসএমপিএস।


