জিতেন মুর্মু’কে নিয়ে ব্লাডমাউথ ক্লাব যে অভিযোগ রাজ্য ফুটবল সংস্থায় জানিয়েছে এর কোন ভিত্তি নেই বলে দাবি করেছে কল্যাণ সমিতি। শনিবার ফুটবল সংস্থার লিগ কমিটির কাছে দেয়া এক চিঠিতে চারটি বিষয় উল্লেখ করেছে কল্যাণ সমিতি। তাদের দাবি ব্লাডের এই অভিযোগ অগ্রাহ্য করে কল্যাণ সমিতির পয়েন্ট বহাল রাখা হোক।
চিঠিতে কল্যাণ সমিতি উল্লেখ করেছে,
১) কলকাতার ভবানীপুরের ফুটবলার জিতেন মুর্মু’কে এআইএফএফ-এর মাধ্যমে এমেচার ফুটবলার হিসেবে সিআরএস করিয়ে এনেছে। আইএফএ, টিএফএ ওই প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে।
২) ভবানীপুরের হয়ে মুর্মু ১৯ সেপ্টেম্বর পেশাদার ফুটবলার হিসেবে শেষ ম্যাচ খেলেছে। ২০ সেপ্টেম্বর মুর্মু ওই ক্লাব থেকে এনওসি নিয়ে নেয়। এরপর মুর্মু কল্যাণ সমিতিতে অপেশাদার ফুটবলার হিসেবে রেজিস্ট্রেশন নেয়। ৩১ মে ২০২৭ পর্যন্ত এই রেজিস্ট্রেশনের মেয়াদ রয়েছে।
৩) মুর্মুকে খেলানোর ফলে স্থানীয় লিগের কোন নিয়ম ভঙ্গ হয় নি। স্থানীয় লিগের বাইরের ফুটবলার খেলানোর যে নিয়ম রয়েছে তা যথাযথ পালন করা হয়েছে।
৪) ফুটবল ফেডারেশনের প্লেয়ার রেজিস্ট্রেশনের যে নিয়ম ৩.১ ধারার কথা উল্লেখ করা হয়েছে সেই অনুসারে মুর্মু’কে খেলানোর ক্ষেত্রে কোন বিধিনিষেধ ফেডারেশন থেকে করা হয় নি। কোন মেইল বা চিঠি কল্যাণ সমিতি পায় নি। এমনটা হলে রেজিস্ট্রেশনের সিস্টেমে ব্লক হয়ে যেতো। সেটাও হয় নি।
এই বিষয় গুলি তুলে ধরে কল্যাণ সমিতি তাদের তিন পয়েন্ট বহাল রাখার দাবি জানিয়েছে। এখন রাজ্য ফুটবল সংস্থা কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।


