নবোদয় সংঘের জয়ের ধারায় ব্রেক কষে দিয়ে জয় ছিনিয়ে নিল ত্রিপুরা পুলিশ। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের লড়াইয়ে পুলিশ ২-০ গোলে জয় পায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরুতেই কেলভিন ৬ মিনিটে পুলিশকে এগিয়ে দেন। শুরুর এই ধাক্কা সামলে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নবোদয়। বিরতির আগে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু লক্ষ্যে সফল হয় নি। বিরতির পর পুলিশ উল্টো ২-০ করে নিলে নবোদয়ের লড়াই শেষ হয়ে যায়। ম্যাচের ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে কেলভিনের জোরালো পাঞ্চ জালে আছড়ে পড়ে। বাকি সময় একই ব্যবধান ধরে রেখে পুলিশ জয় পায়।


