সুব্রত মুখার্জি কাপ ফুটবলের জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করলো বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল। অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিভাগে বৃহস্পতিবার বিকেলে রাজ্য আসরের ফাইনাল ম্যাচে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-০ গোলে হারায় পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুলকে। বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুল মাঠে এদিন বিকেলে হয় রাজ্য সেরা হওয়ার লড়াই। ম্যাচের ১২ মিনিটে জেসিকা ঝারা এবং ৩৪ মিনিটে থানপুইয়া ডার্লং গোল করে। হারলেও দুরন্ত খেলেছে স্পোর্টস স্কুল পানিসাগরের ফুটবলাররা। অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন টিঙ্কু দে। খেলার শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান। এরআগে সকালে অনুষ্ঠিত হয় আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। দিনের প্রথম সেমিফাইনালে পানিসাগরের স্পোর্টস স্কুল লড়াই করে ২-১ গোলে হারায় গোমতী জেলার আম্পিনগর স্কুলকে। বিজয়ী দলের জোহিনা চাকমা এবং সুজতা দেববর্মা গোল করে। বিজিত দলের পক্ষে একমাত্র গোলটি করে খাসরাংতি জমাতিয়া। খেলা পরিচালনা করেন অরিন্দম মজুমদার। আসরের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী বাধারঘাটের স্পোর্টস স্কুল ৫-০ গোলে বিধ্বস্ত করে পশ্চিম জেলার খুমপুই একাডেমি। বিজয়ী দলের জেসিকা ঝারা জোড়া গোল করে। অপর তিনটি গোল করে ইওলেক জমাতিয়া, স্মৃতি জমাতিয়া এবং থানপুই ডার্লং। খেলা পরিচালনা করেন কৈলাশপদ জমাতিয়া।


