ক্লাবগুলোর দাবি মেনে এবার শুরু থেকেই বাইরের রেফারি দিয়ে রাখাল শিল্ডের ম্যাচ করানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। ১৬ আগষ্ট আসাম থেকে আসছেন তিন জন রেফারি। পুরো শিল্ডে তারা থাকবেন। স্থানীয় রেফারির উপর ক্লাবগুলোর আস্থা না থাকায় টিএফএ এই সিদ্ধান্ত নিয়েছে। ১৬ আগষ্ট থেকে রাখাল শিল্ডের উদ্বোধনের ঘোষণা দিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বাইরের রেফারির বিষয়টি জানান শিল্ড কমিটির সচিব কৃষ্ণপদ সরকার।
‘নীল জ্যোতি ট্রাভেলস’-এর সৌজন্যে এবারের আসরে রাজ্যের আটটি দল রয়েছে শিল্ডের লড়াইয়ে। দলগুলি হলো – বীরেন্দ্র ক্লাব, এগিয়ে চলো সংঘ, ফরোয়ার্ড ক্লাব, লালবাহাদুর ব্যায়ামাগার, টাউন ক্লাব, কল্যাণ সমিতি, রামকৃষ্ণ ক্লাব এবং ব্লাডমাউথ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ফ্লাডলাইটের হবে ম্যাচগুলো। ১৬ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বীরেন্দ্র ও এগিয়ে চলো। ১৭ আগস্ট ফরোয়ার্ড বনাম লালবাহাদুর, ১৮ আগস্ট টাউন বনাম কল্যাণ সমিতি এবং ১৯ আগস্ট রামকৃষ্ণ বনাম ব্লাড মাউথের মধ্যে খেলা হবে। এরপর ২০ ও ২২ আগস্ট দুটি সেমিফাইনাল এবং ২৫ আগস্ট মেগা ফাইনাল ম্যাচ হবে। দল গঠনে ও পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ নিয়ম রাখা হয়েছে। প্রতিটি দল ম্যাচে পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন এবং একাদশে অন্ততপক্ষে তিনজন স্থানীয় খেলোয়াড়কে খেলানো বাধ্যতামূলক করা হয়েছে। টুর্নামেন্টের টিকেটের ক্ষেত্রে সাধারণ ম্যাচের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা এবং ফাইনাল ম্যাচের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা এবং রানার্স দল ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় ১ হাজার টাকা করে পুরস্কার পাবেন এবং টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতাকেও পুরস্কৃত করা হবে। সাংবাদিক সম্মেলনে ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার, সহসভাপতি অমিত দেব, যুগ্ম সম্পাদক তপন সাহা, কৃষ্ণপদ সরকার এবং স্পন্সর নীল জ্যোতি ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্য। ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের সূচনা করবেন প্রাক্তন ফুটবলার সুনীল ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দলের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এদিন সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলগুলোকে নিয়ে এক ফটো সেশনও হয়।
ক্লাবগুলোর দাবি মেনে রাখাল শিল্ডে এবার শুরু থেকেই বাইরের রেফারি
Date:
Share post:


