তেলিয়ামুড়ায় সিনিয়র ক্রিকেটে মহকুমার সেরা হলো নেতাজি স্মৃতি সংঘ। মঙ্গলবার আসরের ফাইনাল ম্যাচে নেতাজি স্মৃতি সংঘ ৬৯ রানে হারায় নিউ স্টার ক্লাবকে। শুভম ঘোষের দায়িত্বশীল ব্যাটিং এবং অঙ্কুর দেবনাথের দুরন্ত বোলিংয়ে এসে খেতাব। ভগৎ সিং মিনি স্টেডিয়ামে টসে জিতে নেতাজি স্মৃতি সংঘ নির্ধারিত ৪৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করে। বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নিয়েছেন ওপেনার মিন্টু দেবনাথ এবং ত্রিপুরা রঞ্জি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শুভম। ৬৩ বল-এ ৬টি বাউন্ডারির সাহায্যে শুভম ৮৮, মিন্টু ৬৯ বল-এ ৯টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬, মাহিতোষ দে ৩০ বল-এ ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ এবং স্বরূপ রায় ২৭ বল-এ ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। নিউ স্টার ক্লাবের ওঙ্কার মল্লিক ৭২ রানে ৩টি, শান্তনু দাস ৪৭ রানে এবং কেশব দাস ৭২ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে খেলতে নেমে শুরুতেই ভেঙে পড়ে নিউ স্টার ক্লাবের ইনিংস। একসময় ১৮ রানে ৫ উইকেট হারিয়ে দল ছিল বিপাকে। এই অবস্থায় ওঙ্কার মল্লিকের সঙ্গে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন পামির দেবনাথ এবং কেশব দাস। এই ত্রয়ীর হাত ধরে নিউ স্টার ক্লাব ২২১ রান করতে সক্ষম হয়। ওঙ্কার ৮৮ বল-এ ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, পামির ৪৮ বল-এ ২টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, কেশব ২২ বল-এ ১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ এবং বিশাল রায় ২২ বল-এ ১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। অতিরিক্ত পায় ২৬ রান। নেতাজী স্মৃতি সংঘের অঙ্কুর দেবনাথ ১৩ রানে ৪টি এবং দুর্লভ রায় ৬৮ রানে ৩টি উইকেট ভাগ করেন।


