পানিসাগরে শহীদ ক্ষুদিরাম বসু প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে টিওয়াই এনএফএফসি-র বিরুদ্ধে খেলবে টাইগার একাদশ।বিলথৈ স্কুল মাঠে মঙ্গলবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে টাইগার একাদশ ২-১ গোলে জয় পায়। তিনদিন আগে মন্দ আলোর জন্য পরিত্যক্ত হওয়া ম্যাচটি এদিন পুনরায় হয়। কয়েকহাজার ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে দুদলের ফুটবলাররা এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ লড়াই করেন। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় হায়ুং জমাতিয়ার গোলে এগিয়ে যায় টাইগার একাদশ। শুরুতেই গোল পেয়ে যাওয়ায় দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ায় তারা। এতে ১৩ মিনিটে দ্বিতীয় গোল পায়। দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন হায়ুং। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ শুরু করেন নবজাগরণ ক্লাবের ফুটবলাররা। ক্রমাগত আক্রমণে টাইগার একাদশের রক্ষণভাগে একবার চিড় ধরে। আর এই সুযোগে নওয়াং ব্যবধান কমান। এর পর আর কোনো দল জাল নাড়াতে পারেননি। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।


