একেবারে ছেলেখেলা যাকে বলে। দ্বিতীয় ডিভিশন লিগের গুরুত্বপূর্ণ লড়াই ছিল শুক্রবার। দুই পয়েন্ট নষ্ট করে চাপে ছিল ভাটি অভয়নগরের বিবেকানন্দ ক্লাব। অন্যদিকে তিন ম্যাচের সবকটিতে জিতে রাজধানী আগরতলার শহর দক্ষিণাঞ্চলের ক্লাব ত্রিবেণী সংঘ ছিল অনেকটাই চাপমুক্ত। আর এর সুফল মিলেছে ম্যাচে। ত্রিবেণী কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হল বিবেকানন্দ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরুর ১৫ মিনিট মাঝমাঠ দখলে নিয়ে লড়াই হয়। ১৮ মিনিটে একটি অসাধারণ ফ্রিকিকে জাল নাড়ান লালমুয়াং জোয়ালা। বিবেকানন্দ প্রথমার্ধে ওই ০-১ গোলে পিছিয়ে ছিল। বিরতির পর আর দাঁড়াতেই পারে নি! একের পর এক আরও পাঁচটি গোল হজম করে। এর মধ্যে আরও দুটি ছিল জোয়ালার ৬৩ ও ৭৯ মিনিটে। ফলে হ্যাটট্রিক করেন। অপর তিনটি গোল করেন সুকান্ত জমাতিয়া ৪৯ মিনিটে, নাইসা জমাতিয়া ৫১ মিনিটে ও রিচার্ড ভানলাল থুয়ামা ৮১ মিনিটে।
এই জয়ে লিগে দৌড়ে আরও কয়েক কদম এগিয়ে গেলো ত্রিবেণী।


