রঞ্জি মরশুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার হায়দ্রাবাদ যাচ্ছেন মনি শংকর মুড়াসিং’রা। ১১ অক্টোবর থেকে মরশুম শুরু করবে ত্রিপুরা। ১১-১৪ অক্টোবর হায়দ্রাবাদে স্বাগতিক দলের বিরুদ্ধে লড়াই। এবছর বিনা অনুশীলনে ত্রিপুরা দল ঘোষণা করা হয়েছে। তার উপর থাবা বসালো বৃষ্টি। এই অবস্থায় মরশুমে কতটা ভালো ফলাফল হবে তা নিয়ে রয়েছে সংশয়। সোমবার সকালে বৃষ্টির জন্য ঠিকভাবে অনুশীলন করা সম্ভব হয় নি। ক্লাব হাউসে বোলারদের ভিডিও ক্লিপিং দেখানো হয়। বিকেলে অবশ্য কিছুটা অনুশীলন করানো হয়। আজ সকালে হবে শেষ প্রস্তুতি। এদিকে ১৮-২১ অক্টোবর আসামে গিয়ে আসামের বিরুদ্ধে এবং ২৬-২৯ অক্টোবর কর্নাটকে গিয়ে কর্নাটকের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। এই তিনটি ম্যাচের জন্য ১৮ সদসসের ত্রিপুরা দল গঠন করা হয়েছিল। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মনি শংকর মুড়াসিং।


