রেফারি ধোলাই, মাঠে খণ্ড যুদ্ধের জের ধরে ব্লাডমাউথ ক্লাবের চার ফুটবলার, ম্যানেজার ও ক্লাবকে শো-কজ করলো ত্রিপুরা ফুটবল সংস্থার লিগ কমিটি। রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে সাথে সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত সর্ব সম্মতিতে নেয়া হয়েছে। পরে টিএফএ থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে জানানো হয় –
গত ৪ঠা অক্টোবর ২০২৬ ইং উমাকান্ত মাঠে এগিয়ে চলো সংঘ এবং ব্লাড মাউথ ক্লাবের মধ্যে খেলায় রেফারিকে দৈহিক নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ লীগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেফারির রিপোর্ট এবং সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিস্তারিত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গুলি গৃহীত হয়।
১) রেফারিকে শারীরিক নির্যাতনের সঙ্গে যুক্ত ব্লাড মাউথ ক্লাবের সংশ্লিষ্ট চারজন খেলোয়াড় (পারভেজ ভূঁইয়া, বুদ্ধ দেববর্মা, পি. এল. সিংহ ও বয়ার জমাতিয়া) এবং টিম ম্যানেজার (দেবজিৎ দত্ত) এর বিরুদ্ধে কেন কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে ৭ দিনের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে।
২) টিএফএ-র লীগ রুলস এর ১৫ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ক্লাবও মাঠে দলের খেলোয়াড় ও সমর্থিত দর্শকদের বিশৃঙ্খল আচরণের দায়িত্ব এড়াতে পারে না, সেই হেতু ব্লাড মাউথ ক্লাবকেও কেন শাস্তিমূলক প্রক্রিয়ার আওতায় আনা হবে না জানিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হবে এবং সাত দিনের মধ্যে সন্তোষজনক লিখিত উত্তর দিতে হবে।
৩) রেফারির রিপোর্ট অনুযায়ী ব্লাড মাউথ ক্লাব খেলা চালিয়ে যেতে অস্বীকার করায়, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ রুলস এর ১৪ নম্বর ধারা অনুযায়ী ৪ঠা অক্টোবরের খেলায় ব্লাড মাউথ ক্লাবের প্রতিপক্ষ এগিয়ে চলো সংঘ দলকে ২-০ গোলে জয়ী ও ৩ পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই নিয়মে পরবর্তী ম্যাচে ব্লাড মাউথ ক্লাবকে খেলার অনুমতি প্রদান করা হবে না অর্থাৎ প্রতিপক্ষ দল লাল বাহাদুর ব্যায়ামাগারকে ৩ পয়েন্ট এবং ২ গোলে জয়ী হিসেবে গণ্য করা হবে।
ফলে এক সপ্তাহ আরও অপেক্ষা হয়তো করতে হবে ফুটবল প্রেমীদের। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাদের একাংশের দাবী ১৩ বছর আগে ত্রিপুরা পুলিশ দলের বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত হিসেবে দুই বছর আগে নেয়া হয়েছিল একই সিদ্ধান্ত কেন ব্লাড মাউথের বিরুদ্ধে নেয়া উচিৎ। ২০১৩ সালে রেফারি ধোলাইয়ের পরিপেক্ষিতে ফুটবল সংস্থার সাময়িক সময়ের জন্য বরখাস্ত করেছিল ত্রিপুরা পুলিশ দলকে।
রেফারি ধোলাই, মাঠে খণ্ড যুদ্ধের জের ব্লাডের চার ফুটবলার, ম্যানেজার ও ক্লাবকে শো-কজ
Date:
Share post:


